সরকারি প্রটোকল ভেঙে সরাসরি কবরস্থানে নেমে এক ব্যক্তির মরদেহ দাফনে অংশ নিয়ে প্রশংসায় ভাসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (২৭ মার্চ) নান্দাইল উপজেলার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে কবরে নেমে দাফন কাজে অংশ নেন তিনি।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৭ মার্চ) সকালে নান্দাইল পৌর এলাকার গারুয়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র আজিমুল মিয়া (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিকেলে নিজ বাড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবার ও এলাকাবাসী। এর মধ্যে শুরু হয় টিপ টিপ বৃষ্টি। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উন্নয়নমূলক কাজের ভিত্তি ফলক স্থাপন শেষে বাড়ি ফেরার সময় বিষয়টি তার নজরে আসে। তাৎক্ষণিক তিনি গাড়িবহর থামিয়ে দাফন কাজে অংশ নিতে কবরে নেমে পড়েন। অন্যদের সঙ্গে তিনি নিজ হাতে মরদেহ কবরে নামান। প্রতিমন্ত্রী সড়ক দিয়ে যাওয়ার সময় দাফন কাজ দেখে, কাউকে কিছু না বলে কোনো প্রটোকল ছাড়াই দাফনকার্যে অংশ নেওয়ার বিষয়টি উপস্থিত সবাইকে অবাক করে।
আরেফিন হক নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে তিনি পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। পদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন দৃশ্য বর্তমান সময়ে বিরল। এটি মানবিকতার পরিচয় বহন করে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে সরাসরি অংশ নিতে দেখে আমরা অভিভূত হয়েছি। এটি বর্তমান সময়ে এক বিরল দৃশ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


