দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া। জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্তদের পাশাপাশি পুরো শোবিজ ইন্ডাস্ট্রি স্তব্ধ। তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

মো সু-জিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার এজেন্সি ‘প্যানিক বাটন’। এক বিবৃতিতে তারা জানায়, ‘অ্যাকুস্টিক কলাবোর কণ্ঠশিল্পী মো সু-জিন আমাদের ছেড়ে চলে গেছেন।’ একই সঙ্গে বলা হয়, পরিবারের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে মৃত্যুর কারণসহ কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হবে না। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
২০২০ সালে জনপ্রিয় অ্যাকুস্টিক ডুয়ো ‘অ্যাকুস্টিক কলাবো’-তে যোগ দিয়ে সংগীতজগতে পরিচিতি পান মো সু-জিন। অল্প সময়েই তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন। ২০২২ সালে ব্যান্ডটি আগের ব্যবস্থাপনার সঙ্গে আইনি বিরোধে জড়িয়ে পড়লেও পরে নতুন করে ‘প্যানিক বাটন’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আবার সক্রিয় হয়। ব্যান্ডের পাশাপাশি মো সু-জিন একক শিল্পী হিসেবেও নিজের পথ তৈরি করছিলেন। ২০২৫ সালের জুনে প্রকাশিত তাঁর একক গান ‘ইওর ইউনিভার্স’ ভক্তদের মধ্যে ভালো সাড়া ফেলে এবং তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আশাবাদ তৈরি করে।
মো সু-জিনের মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তার ঢল নামে। তার ব্যান্ড সঙ্গী কিম সেউং-জে আবেগঘন বার্তায় লেখেন, ‘তুমি ছিলে আমার সবচেয়ে কাছের বন্ধু। তুমি আমাকে সুখের মানে শিখিয়েছ এবং বেঁচে থাকার শক্তি দিয়েছ।’ ভক্তদের একজন লেখেন, ‘তুমি চলে গেলেও তোমার গান আমাদের সঙ্গে চিরকাল থাকবে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এই মৃত্যু দক্ষিণ কোরিয়ার শোবিজে সাম্প্রতিক একাধিক মর্মান্তিক ঘটনার ধারাবাহিকতায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত বছর অভিনেতা সং ইয়ং-কিউ, চলতি বছরের মার্চে কে-পপ তারকা হুইসং, অভিনেত্রী কিম সাই-রন, আর এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেতা লি সান-কিউন ও আইডল মুনবিন একটির পর একটি মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে দেশটির বিনোদন শিল্পের ভয়াবহ প্রতিযোগিতা, মানসিক চাপ ও সামাজিক প্রত্যাশা নিয়ে। মো সু-জিনের বিদায় যেন শুধু একজন শিল্পীর হারিয়ে যাওয়া নয়, বরং দক্ষিণ কোরিয়ার গ্ল্যামারজগতের অদৃশ্য অন্ধকার দিকগুলোর দিকেই আবারও আঙুল তুলছে।
সূত্র: ডেইলি মেইল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

