জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, তৈরি পোশাক শিল্প, পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন খাতে জার্মানি বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের ক্ষেত্রে জার্মানির আরও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, অদূর ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও উচ্চমাত্রায় উন্নীত হবে।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন এবং বহিরাগমন-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


