গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানান।
জোটের নেতারা জানান, সর্বশেষ ১৬ এপ্রিল বৈঠক হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন কর্মসূচি নেয়া হয়েছে। আগামী ২ মে সারাদেশে গণবিক্ষোভ পালন করা হবে। একইসঙ্গে জুলাই থেকে বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশের ঘোষণা এসেছে।
তাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ, স্বাস্থ্যখাতের সংস্কার, চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সরকারের সমালোচনা করে তারা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে। বিশেষ করে সিটি করপোরেশন প্রশাসক নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তারা।
বিএনপির সমালোচনা করে জোট নেতারা বলেন, ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। ছলচাতুরীর মাধ্যমে সংবিধান সংশোধনী বিল আনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।
এসব দাবিতে বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৬ মে – রাজশাহী বিভাগ, ১৩ জুন – চট্টগ্রাম, ২০ জুন – খুলনা, ২৭ জুন – ময়মনসিংহ, ১১ জুলাই – রংপুর, ১৮ জুলাই – বরিশাল ও ২৫ জুলাই – সিলেট বিভাগে সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করবে ১১ দলীয় জোট।
জোট নেতারা জানান, জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। আন্দোলন আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী অক্টোবরে মহাসমাবেশ করার সিদ্ধান্তের কথাও জানানো হয়।
এছাড়া বাজেটকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় কর্মসূচিও হাতে নেয়া হয়েছে বলে জানান তারা।
এদিকে ছাত্রলীগের শূন্যস্থানে ছাত্রদল কাজ করছে বলেও অভিযোগ জোট নেতাদের।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সবশেষে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পার্লামেন্টে সমাধান না হলে রাজপথেই এর সমাধান করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


