গ্র্যামি-মনোনীত ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রধান ভোকালিস্ট ও প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই। দীর্ঘদিন স্টেজ–৪ কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি নিজ বাসভবনে ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ত্রী ও পরিবারের সান্নিধ্যে তিনি মারা গেছেন। ২০২৫ সালের মে মাসে ব্র্যাড প্রকাশ্যে জানান, তার শরীরে স্টেজ–৪ ক্লিয়ার সেল রেনাল কার্সিনোমা ধরা পড়েছে, যা পরে ফুসফুসেও ছড়িয়ে যায়। অসুস্থতার কারণে তখন ব্যান্ডের ট্যুর বাতিল করা হয়।
ব্র্যাড ছিলেন ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রধান ড্রামারও। পোস্ট-গ্রাঞ্জ ঘরানার সঙ্গে আবেগঘন গীতিকবিতার সংমিশ্রণে তিনি মূলধারার রক সংগীতকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন। তার লেখা গান যেমন ‘ক্রিপ্টোনাইট’, ‘হেয়ার উইথআউট ইউ’, ‘হোয়েন আই এম গোন’, ও ‘লুজার’ ২০০০ দশকের রককে বিশেষ পরিচিতি দিয়েছে। বিশেষ করে মাত্র ১৫ বছর বয়সে স্কুলের গণিত ক্লাসে বসে লিখিত ‘ক্রিপ্টোনাইট’ পরবর্তীতে ব্যান্ডের ব্রেকআউট হিট হয়।
১৯৯৫ সালে মিসিসিপিতে গঠিত থ্রি ডোরস ডাউন তাদের প্রথম অ্যালবাম ‘দ্য বেটার লাইফ’-এর মাধ্যমে বিশ্বজুড়ে সাড়া ফেলে। এই অ্যালবাম বিক্রি হয় ৬ মিলিয়নের বেশি কপি। ব্যান্ড মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে এবং একাধিক গ্র্যামি মনোনয়ন ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করেছে।
২০১৬ সালে ব্যান্ডের আরেক প্রতিষ্ঠাতা সদস্য ম্যাট রবার্টসের মৃত্যুর পর, ব্র্যাডের এই প্রস্থান বাকি সদস্যদের জন্য গভীর ক্ষতি হিসেবে মনে হচ্ছে। ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, রক সংগীতে ব্র্যাড আর্নল্ডের কণ্ঠ ও সুর প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে প্রতিধ্বনিত হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


