বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার এবং সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন। ৯০ বছর বয়সী এই প্রবীণ ব্যক্তিত্বের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাসপাতাল ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, যার ফলে শারীরিক জটিলতা বেড়ে গেছে। তাকে বর্তমানে ভেন্টিলেশনের সাহায্যে রাখা হয়েছে। চিকিৎসকেরা পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছেন এবং সব ঠিক থাকলে আজ তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হবে।
মঙ্গলবার বাবার অসুস্থতার খবর পাওয়ার পর শুটিং ও অন্যান্য ব্যস্ততা ফেলে হাসপাতালে ছুটে যান সলমন খানসহ পুরো খান পরিবার। পরিবারের অন্য সদস্যরা যেমন আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা অগ্নিহোত্রীও হাসপাতালে অবস্থান করছেন। রাতে প্রবীণ চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে যান বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত এবং সেলিম খানের দীর্ঘদিনের কাজের সঙ্গী জাভেদ আখতার।
পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও একটি সূত্র জানিয়েছে, চিকিৎসকেরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফল অস্ত্রোপচারের পর পরিবারের আশা, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন।
সেলিম খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। বলিউডের বহু তারকা তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন।
উল্লেখ্য, হিন্দি সিনেমার ইতিহাসে সেলিম খান এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে জাভেদ আখতারের সঙ্গে তার ‘সেলিম-জাভেদ’ জুটি নব্বইয়ের দশকে বলিউডে বিপ্লব এনেছিল। তাদের চিত্রনাট্য থেকে বেরিয়েছে ‘জঞ্জির’, ‘দিওয়ার’ ও ‘ডন’-এর মতো কালজয়ী সিনেমা। এছাড়া এককভাবে ‘নাম’, ‘কব্জা’ ও ‘জুর্ম’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখে তিনি প্রশংসিত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


