হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকা, সড়ক ও খালে।

দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা। তারা যৌথভাবে লাইনচ্যুত বগি সরানো এবং রেললাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত তিনটি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীদের টিকিট সংরক্ষণ করে ভাড়া ফেরত দেয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, উদ্ধার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।
এদিকে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


