হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর হজযাত্রীদের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি, সৌদি এয়ারলাইন্স সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাসের ৩টি ফ্লাইট থাকবে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী যাবেন।
চুক্তি অনুযায়ী, হজযাত্রী পরিবহনের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।
এছাড়া ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে, যেখানে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


