হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (৫ জুন) গুলশান-২ গোলচত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে।
সমাবেশে ডিএনসিসি প্রশাসক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে আনুষ্ঠানিকভাবে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এবং আজ থেকেই এই নির্দেশ কার্যকর থাকবে। তিনি আরও জানান, এই এলাকায় কোনো ধরনের শব্দ দূষণ সহ্য করা হবে না। আইন অমান্য করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা ইতিমধ্যেই নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকার স্থানীয় সমাজের সহযোগিতায় শব্দ ও বায়ুদূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, পত্রিকায় বিজ্ঞাপন, টেলিভিশনে প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা এখন থেকে আরও সক্রিয়ভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে।
সমাবেশে গুলশান সোসাইটি, নিকেতন সোসাইটি, বনানী সোসাইটি ও বারিধারা সোসাইটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



