জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু-কে এজলাসে তোলার সময় “টেনশন না করতে” বলার ঘটনায় দুইজন কনস্টেবলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, ২৯ এপ্রিল ট্রাইব্যুনালের আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেয়ার সময় ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত ওই দুই কনস্টেবল বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত কথাবার্তা বলেন। ধারণকৃত ভিডিও ফুটেজে তাদের এ আচরণ দৃশ্যমান হয়েছে, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি বিচারিক কার্যক্রমের জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করা হয়।
এ অবস্থায় কনস্টেবল জামাল হোসেন ও কনস্টেবল সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে ট্রাইব্যুনালকে অবহিত করার জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


