হাসপাতালের কোনো কর্মচারী যদি রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (২৭ মে) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা এবং হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এ কাজে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, মাঠপর্যায়ে চিকিৎসক ও রোগীদের আচরণ কেমন, তা পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে তারা কাজ করছেন। কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। যেসব শিশু এখনো টিকার আওতার বাইরে রয়েছে, তাদেরও শনাক্ত করে টিকা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, খুব শিগগিরই দেশের সব হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যাতে চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এর আগে তিনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীদের খাবারের মানও পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



