কক্সবাজারের রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন প্যারোলে মুক্তি পাওয়া দুই ভাই। তারা পাঁচ ঘণ্টার জন্য মুক্তি পেয়েছিলেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই জানাজা। এ সময় তাদের হাতে হাতকড়া পরা ছিল এবং পাহারায় ছিলেন রামু থানার পুলিশ সদস্যরা।
প্যারোলে মুক্তি পাওয়া দুই ভাই হলেন- ওই এলাকার নুর আহমদের দুই ছেলে ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাঈল। এর আগে, ওই দিন সকালে তাদের মা মোস্তফা বেগম বার্ধক্যজনিত কারণে মারা যান।
জানাজা মাঠে ফরিদুল আলম বলেন, ‘‘আওয়ামী লীগের রাজনীতি করায় আমরা ষড়যন্ত্রের শিকার, অথচ আমরা কোনদিন কারো ক্ষতি করিনি। আমাদের মরহুমা মা এবং অসুস্থ বাবার জন্য দোয়া করবেন।”
স্বজনেরা জানান, দুই ভাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা ছিলেন। প্রথমে একটি মামলায় জামিন হলেও তাদের পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত আড়াই মাস ধরে তারা কারাভোগ করছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “নিকটাত্মীয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ভাই মুক্তি পেয়েছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় মামলা রয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


