হলিউডের রুপালি পর্দার অন্যতম স্মরণীয় ও প্রভাবশালী খল অভিনেতা টম নুনান আর নেই। গত ১৪ ফেব্রুয়ারি ৭৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। নিজের দীর্ঘদেহী গড়ন এবং রহস্যময় অভিনয়ের মাধ্যমে পর্দায় এক বিশেষ আতঙ্ক ও মুগ্ধতা তৈরি করেছিলেন এই অভিনেতা।

টম নুনানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অভিনেত্রী কারেন সিলাস এবং ‘দ্য মনস্টার স্কোয়াড’ ছবির পরিচালক ফ্রেড ডেকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সিলাস এক আবেগঘন বার্তায় লেখেন, অভিনেতা হিসেবে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত তাকে বন্ধু হিসেবে পাওয়া ছিল এক বিশাল সৌভাগ্য এবং আনন্দের বিষয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।
নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া নুনান আশির দশকের মাঝামাঝি সময়ে ‘ম্যানহান্টার’ ছবিতে সিরিয়াল কিলার ফ্রান্সিস ডলারহাইড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। টমাস হ্যারিসের উপন্যাস ‘রেড ড্রাগন’ অবলম্বনে নির্মিত এই ছবিতে তার অভিনয় আজও হাড়হিম করা সেরাদের তালিকায় স্থান পায়।
পরবর্তীতে ‘রোবোকপ ২’ ছবিতে মাদকাসক্ত কাল্ট লিডার ‘কেইন’ এবং ‘দ্য মনস্টার স্কোয়াড’-এ ফ্রাঙ্কেনস্টাইন মনস্টার চরিত্রে অভিনয় করে তিনি কাল্ট স্ট্যাটাস লাভ করেন। এ ছাড়া ‘হিট’, ‘লাস্ট অ্যাকশন হিরো’, এবং ‘দ্য হাউস অব দ্য ডেভিল’-এর মতো জনপ্রিয় সিনেমায় তার উপস্থিতি দর্শকদের মনে গেঁথে আছে। বড় পর্দার পাশাপাশি ‘দ্য এক্স-ফাইলস’ এবং ‘সিএসআই’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজেও তাকে দেখা গেছে।
কেবল অভিনেতা হিসেবেই নয়, নুনান একজন প্রতিভাবান নাট্যকার ও পরিচালক হিসেবেও সমাদৃত ছিলেন। তার লেখা ও পরিচালিত ‘হোয়াট হ্যাপেনড ওয়াজ…’ প্রথমে মঞ্চে এবং পরে চলচ্চিত্রে রূপ পায়, যা স্বাধীন ধারার চলচ্চিত্রে সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
সত্তরের দশকের শেষের দিকে ক্যারিয়ার শুরু করা এই শিল্পী নিজের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অদ্ভুতুড়ে এবং জটিল সব খল চরিত্রে প্রাণ সঞ্চার করে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিলেন। তার প্রয়াণে হলিউডের অভিনয় জগতে এক যুগের অবসান হলো।
সূত্র: ভ্যারাইটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


