বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত ঘোষণা করার পর সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ ‘এমভি বাংলার জয়যাত্রা’ আবারও যাত্রা শুরু করেছে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতেই জাহাজটি প্রণালিটি অতিক্রম করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালি থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। প্রয়োজনীয় চূড়ান্ত অনুমতি পাওয়া গেলে শুক্রবার রাতেই এটি প্রণালি পার হওয়ার আশা করা হচ্ছে।
জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বলেন, তারা ইতোমধ্যে নোঙর তুলে হরমুজের দিকে অগ্রসর হয়েছেন এবং গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছেন।
‘বাংলার জয়যাত্রা’ জাহাজে প্রায় ৩৭ হাজার টন সার বহন করা হচ্ছে, যার চূড়ান্ত গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান বন্দর।
এর আগে, যুদ্ধবিরতির পর গত ৮ এপ্রিল সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে হরমুজ প্রণালি পার হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। তবে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় তখন তা সম্ভব হয়নি। জাহাজটিতে মোট ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
এরও আগে একবার সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে যাত্রা শুরু করলেও নিরাপত্তাজনিত কারণে আমিরাতের কোস্ট গার্ড জাহাজটিকে এগোতে নিষেধ করে। ফলে সেটিকে ফিরে আসতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


