হরমুজ প্রণালিতে কোনো বাংলাদেশি জাহাজ আটকে থাকবে না—এমন আশ্বাস দিয়েছে ইরান। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, যদি কোনো বাংলাদেশি জাহাজ সেখানে আটকে পড়ে, ইরান তা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সমঝোতা না হলে তার প্রভাব বৈশ্বিকভাবে পড়বে এবং সব দেশই ক্ষতির মুখে পড়তে পারে।
শামা ওবায়েদ আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও বাংলাদেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। যুদ্ধ পরিস্থিতির মাঝেও দেশকে স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বিদেশ থেকে দেশে ফিরতে চান, তাদের ফেরাতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাশাপাশি তিনি জানান, ইসরায়েলি হামলার কারণে লেবাননে বাংলাদেশি মিশনও ঝুঁকির মধ্যে রয়েছে।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ‘বাংলার জয়যাত্রা’ নামে একটি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটিকে ইরানি কর্তৃপক্ষ আটকে দেয়—এমন অভিযোগ ওঠে। এতে করে প্রণালিটি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
এদিকে একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেন। তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেন, প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজ থামিয়ে দিতে। ফলে ইরান ছাড়াও এখন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে বাংলাদেশি জাহাজ চলাচল আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


