ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে পালাউর পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘স্কাইলাইট’-এ ইরানের হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতরা হলেন বিহারের বেতিয়া এলাকার বাসিন্দা ক্যাপ্টেন আশিশ কুমার এবং রাজস্থানের নাগাউরের বাসিন্দা ক্রু সদস্য দলিপ সিং।

স্থানীয় সূত্র জানায়, ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে এই হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে দেশটির দুকুম বন্দরে একটি ড্রোন হামলার ঘটনাও ঘটেছিল। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তথ্য অনুযায়ী, আক্রান্ত ট্যাঙ্কারটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক ছিলেন। অন্য সদস্যদের উদ্ধার করা গেলেও ক্যাপ্টেন আশিশ কুমার ও দলিপ সিংকে বাঁচানো সম্ভব হয়নি।
সরকারি সূত্র বলছে, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে দগ্ধ অবস্থায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। ক্যাপ্টেন আশিশ কুমারের মরদেহ তার কেবিন থেকে পাওয়া গেছে।
আশিশ কুমারের পরিবার প্রথমে গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার খবর জানতে পারে। তবে গতকাল রাতে শিপিং কোম্পানি আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


