যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অত্যাধুনিক নজরদারি ড্রোন এমকিউ-৪সি ট্রাইটন হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ড্রোনটির আনুমানিক মূল্য প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হরমুজ প্রণালীর আকাশসীমায় টহল শেষে ড্রোনটি একটি জরুরি ইন-ফ্লাইট সংকেত পাঠানোর পর হঠাৎ করেই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি কার্যক্রম চালায়। পরে এটি একটি নৌঘাঁটির দিকে ফিরে যাওয়ার সময় জরুরি সংকেত (কোড ৭৭০০) পাঠায় এবং দ্রুত উচ্চতা হারাতে শুরু করে।
ট্র্যাকিং ডেটায় দেখা যায়, ড্রোনটি হঠাৎ ইরানের দিকে সামান্য দিক পরিবর্তন করে নিচে নামতে থাকে এবং এরপর সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। তবে এটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে নাকি অন্য কোনো কারণে ভূপাতিত করা হয়েছে—তা এখনো নিশ্চিত নয়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে।
এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ও দীর্ঘ সময় আকাশে টিকে থাকার সক্ষমতা সম্পন্ন নজরদারি ড্রোনগুলোর একটি, যা মূলত সমুদ্র অঞ্চলে উচ্চ উচ্চতা থেকে দীর্ঘ সময় ধরে নজরদারির জন্য ব্যবহৃত হয়।
সূত্র: ফার্স্ট পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


