গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জব্দ করা ঘোড়া গোপনে বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৩১ মার্চ জব্দ করা ঘোড়াগুলো গোপনে বিক্রির অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো থানায় হেফাজতে রাখা হয়। পরে একটি ঘোড়া অসুস্থ হয়ে মারা যায়।
অভিযোগ রয়েছে, গত রোববার ভোরে ওসি খন্দকার নাসির উদ্দিন গোপনে এক ব্যক্তির কাছে অবশিষ্ট ৮টি ঘোড়া বিক্রি করে দেন। তবে সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং ঘোড়াগুলো ফেরত এনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্য নিলামের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন বলেন, ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের ঘটনাটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিরসনের জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে অভিযোগ অস্বীকার করে ওসি খন্দকার নাসির উদ্দিন দাবি করেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি। সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরে সেগুলো থানায় ফিরিয়ে এনে নিয়ম মেনে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
সূত্র ও ছবি : ইত্তেফাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


