হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ৬ মাস বয়সী শিশু নূর নাহারের জীবন বাঁচাতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান।

সম্প্রতি গণমাধ্যমে হামে আক্রান্ত ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে নেই চিকিৎসার টাকা শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ডা. জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়। এরপরই তিনি শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ প্রদান করেন।
ডা. জুবাইদা রহমানের নির্দেশে বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে দেখা করে একটি প্রতিনিধি দল। আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করে।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ এবং মশিউর রহমান মহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের শিশু কন্যা নূর নাহার দীর্ঘদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছে। নূর নাহারের অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৬ মাস বয়সী একটি শিশুর স্বাভাবিক ওজন ৭ থেকে ৯ কেজি হওয়া প্রয়োজন, সেখানে নূর নাহারের ওজন কমে দাঁড়িয়েছে মাত্র ৩ কেজিতে।
পরিবার ও স্বজনদের অবহেলার শিকার স্বর্ণা আক্তার চরম অর্থসংকটে একা লড়াই করছিলেন। অর্থাভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। পরবর্তীতে প্রতিবেশীদের কাছ থেকে ধার করা টাকায় শিশুটিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করান। এমন এক চরম দুঃসময়ে ডা. জুবাইদা রহমানের উদ্যোগে আমরা বিএনপি পরিবার শিশুটির পাশে দাঁড়িয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির উন্নত চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অসহায় পরিবারটির পাশে থেকে শিশুটিকে সুস্থ করে তোলা পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশ্বস্ত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


