ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। সর্বশেষ দুই দল নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়েছিল।

এদিকে ভারত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড সভা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আইসিসির এই সভা এবং আইপিএল ফাইনাল চলতি মাসের শেষ দিকে আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে আইসিসির প্রধান নির্বাহী কমিটি (সিইসি) এবং বোর্ড পর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি বৈঠক ২১ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৩০ ও ৩১ মে আহমেদাবাদে সরাসরি বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাধারণত মহসিন নাকভির এসব সশরীর বৈঠকে অংশ নেওয়ার কথা থাকলেও ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং দুই দেশের সরকারের মধ্যকার বিদ্যমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
একটি সূত্র জানিয়েছে, পিসিবি চেয়ারম্যানকে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য বোর্ড সভা এবং আইপিএল ফাইনালে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
সূত্র আরও জানায়, পিসিবি প্রধান এই আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠিয়েছেন, যিনি সিদ্ধান্ত নেবেন তিনি সীমান্ত অতিক্রম করে ওই সভা ও ফাইনালে অংশ নেবেন কি না।
উল্লেখ্য, আইসিসির ত্রৈমাসিক বৈঠকের অংশ হিসেবে এসব সভা পূর্বে কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে তা স্থগিত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



