মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর খুব শিগগির বড় ধরনের ও খুব শক্তিশালী হামলা চালানো হবে। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় সোমবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা এখনো তাদের ওপর কঠোর আঘাত শুরুই করিনি। বড় আকারের হামলাটি এখনো ঘটেনি। সেই বড় হামলাটি খুব শিগগির আসছে।” তিনি আরো যোগ করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ধুলায় মিশিয়ে দিচ্ছে’।
যুদ্ধের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে তিনি বলেন, “আমি চাই না এটি খুব দীর্ঘ সময় ধরে চলুক। আমি সবসময় ভেবেছিলাম এটি চার সপ্তাহ স্থায়ী হবে, তবে এটি আরো সময় ধরে চলতে পারে।”
ট্রাম্প দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ডজনখানেক কর্মকর্তা নিহত হওয়ার পর দেশটির নেতৃত্বে এখন কে আছেন, তা স্পষ্ট নয়।
মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন যে, এই যুদ্ধে এখন পর্যন্ত ‘সবচেয়ে বড় বিস্ময়’ ছিল প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলা। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানের ওপর এই হামলাগুলো চালানো হয়েছে।
ট্রাম্প বলেন, “আমরা অবাক হয়েছিলাম। আমরা তাদের (আরব দেশগুলোকে) বলেছিলাম, ‘আমরা বিষয়টি সামলে নেব,’ কিন্তু এখন তারা নিজেরাও লড়তে চায় এবং তারা বেশ আক্রমণাত্মকভাবে লড়াই করছে। তারা খুব সামান্যই জড়িত হতে চেয়েছিল, কিন্তু এখন তারা এতে যুক্ত হওয়ার জন্য জেদ ধরছে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
একই দিনে ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, ‘যদি প্রয়োজন হয়’ তাহলে ইরানে মার্কিন স্থল সৈন্য পাঠানোর সম্ভাবনাও তিনি নাকচ করছেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


