ইরানে চলমান মার্কিন সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অস্থির হয়ে ওঠা বিশ্ববাজারকে আশ্বস্ত করতে মঙ্গলবার (১০ মার্চ) ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ট্রাম্পের এই মন্তব্যের পর বিশ্ব শেয়ারবাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান নির্দেশ না মানলে এই অভিযান আরও বিস্তৃত করা হতে পারে।
সোমবার ইরানের নতুন নেতা মোজতবা খামেনির অধীনে তেহরান প্রতিবেশীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা এবং কৌশলগত হরমুজ প্রণালি বন্ধের ইঙ্গিত দিলে বিশ্ব শেয়ারবাজারে বড় পতন ঘটে।
তবে মঙ্গলবার ট্রাম্পের ‘স্বল্পমেয়াদী অভিযানের’ আশ্বাসে ওয়াল স্ট্রিটসহ টোকিও ও সিউলের বাজার শক্ত অবস্থানে ফিরে আসে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেলেও পরে তা প্রায় ৫ শতাংশ কমে এসেছে।
ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুদ্ধের শেষ আমেরিকা নয়, বরং তারাই নির্ধারণ করবে। তেহরানের শীর্ষ ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে (৫৬) নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়ার পরই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন হামলার মুখে পড়েছে দেশটি।
নতুন নেতার প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইয়েমেনের হুথি বিদ্রোহী ও লেবাননের হিজবুল্লাহ।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের ২০ শতাংশ পরিবাহিত হয় যে হরমুজ প্রণালি দিয়ে, সেটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, এই পথটি পুনরায় খোলার জন্য মিত্ররা ‘প্রতিরক্ষামূলক’ মিশন নিয়ে কাজ করছে। শিপিং বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরান প্রণালিটি বন্ধ করার পর থেকে অন্তত ১০টি জাহাজ হামলার শিকার হয়েছে। বৃহৎ শিপিং কোম্পানি এমএসসি এই অঞ্চল থেকে রপ্তানি চালান সাময়িকভাবে স্থগিত করেছে।
আঞ্চলিক সংঘাত ও ক্ষয়ক্ষতি:
বাহরাইন: আল-মা’আমির তেল স্থাপনায় হামলার পর রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার (ফোর্স মাজুর) ঘোষণা দিয়েছে জ্বালানি কোম্পানি বাপকো। এছাড়া মানামার একটি আবাসিক এলাকায় ইরানি হামলায় একজন নিহত হয়েছেন।
সৌদি আরব: সংযুক্ত আরব আমিরাত সীমান্তের কাছে একটি তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইসরাইল: তেল আবিবে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এর জবাবে একটি ইরানি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে।
লেবানন: ২ মার্চ থেকে ইসরাইল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় অন্তত ৪৮৬ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন।
স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি আনসারি মোজতবা খামেনিকে একজন কট্টরপন্থী নেতা হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ট্রাম্প খামেনির নিয়োগে ‘হতাশা’ প্রকাশ করে ইঙ্গিত দিয়েছেন যে, ইসলামী প্রজাতন্ত্রের ভেতর থেকেই বিকল্প নেতৃত্ব আসতে পারে।
আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেই : প্রতিমন্ত্রী অমিত
বর্তমানে পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর দিকে, কারণ এই সংঘাতের স্থায়িত্বের ওপরই নির্ভর করছে বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


