মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আবারও উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে। ইরানের ড্রোন হামলার ফলে বাহরাইনের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে এবং কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। হামলার কারণে তেলের কার্যক্রমে ব্যাঘাত দেখা দিয়েছে এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বিপকো আনুষ্ঠানিকভাবে ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে।

টিআরটি ওয়ার্ল্ড ও বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আল-মা’আমির এলাকায় অবস্থিত এই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দ্রুত অগ্নিনির্বাপন কার্যক্রম শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোর উপর সাম্প্রতিকতম হামলা।
এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, হামলার পর সিত্রা এলাকার বিপকো তেল শোধনাগারের চারপাশে ঘন ধোঁয়া দেখা গেছে। ইরানের ধারাবাহিক হামলার কারণে আগেই কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। বিপকো হলো বাহরাইনের প্রধান তেল শোধনাগার এবং দেশের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
কোম্পানিটি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং রিফাইনারি কমপ্লেক্সে সাম্প্রতিক হামলার কারণে তাদের কার্যক্রম ব্যাহত হয়েছে। তাই তারা ‘ফোর্স মেজর’ নোটিশ জারি করেছে, যা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে ঘটে যাওয়া ঘটনা থেকে চুক্তিগত দায়বদ্ধতা থেকে সাময়িকভাবে মুক্তি দেয়।
মধ্যপ্রাচ্যে এই ধরনের হামলার কারণে তেলের সরবরাহ কমার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক বাজারে পড়েছে; বর্তমানে বেঞ্চমার্ক তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


