মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতীম ইরান-এর জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে দেশটির জন্য জরুরি চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি-র কাছে এই ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মুঃ নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর-এর উপস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-র মহাসচিব ড. কবির এম আশরাফ আলম সহায়তাসামগ্রী তুলে দেন।
সরকারি তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসাসহায়তার জন্য জরুরি ওষুধ ও সরঞ্জাম সংগ্রহে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল রেড ক্রিসেন্টকে এক কোটি টাকা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন।
সহায়তা গ্রহণকালে রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই দুঃসময়ে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের মানুষের প্রতি ধন্যবাদ জানান।
রেড ক্রিসেন্টের মহাসচিব ড. কবির এম আশরাফ আলম বলেন, বিশ্বজুড়ে দুর্যোগ ও সংকটে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। যুদ্ধকালীন সময়ে ইরানের জনগণের জন্য এই সহায়তায় অংশ নেওয়াও সেই দায়িত্বেরই অংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


