নরসিংদীতে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র শুটিংস্থলে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক দর্শক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বুধবার (২০ মে) সন্ধ্যায় রায়পুরা উপজেলা-র রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের জন্য পাসের ব্যবস্থা থাকলেও প্রবেশপথে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। নারী ও শিশুসহ হাজারো দর্শক ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করেন। এ সুযোগে ভিড়ের মধ্যে থাকা একটি সংঘবদ্ধ চক্র দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি করে নেয়।
অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার আসনের ব্যবস্থা থাকলেও পাসবিহীন বহু মানুষ বাধা অতিক্রম করে ভেতরে প্রবেশ করেন বলে জানা গেছে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সংবাদ সংগ্রহে আসা একাধিক গণমাধ্যমকর্মীর মোবাইল ফোনও চুরি হয়ে যায়।
ভুক্তভোগী এক সাংবাদিক জানান, প্রবেশের সময় ব্যাপক হট্টগোলের মধ্যে তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরে আরও কয়েকজন সাংবাদিকসহ বহু দর্শক তাদের ফোন খোয়া যাওয়ার অভিযোগ করেন।
এ বিষয়ে আবদুল্লাহ আল-ফারুক বলেন, ভিড়ের সুযোগে কিছু দুষ্কৃতকারী এ ঘটনা ঘটাতে পারে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল উদ্ধারের চেষ্টা করা হবে।
স্থানীয়রা অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনায় ঘাটতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



