দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং কোনো সঙ্কট তৈরি হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি ফিলিং স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। জ্বালানি নিয়ে কোনো সঙ্কট হবে না। সাধারণ মানুষের মধ্যে যে দুশ্চিন্তা দেখা যাচ্ছে, তা মূলত একধরনের আতঙ্ক থেকে হচ্ছে।
জ্বালানি তেল মজুদ করার প্রবণতার বিষয়ে সতর্ক করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুদ করা উচিত নয়। এমন আচরণই বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করতে পারে। তাই সাধারণ গ্রাহকদের বলবো, আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রয়োজন নেই।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের মূল্যের সমন্বয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য আনার চেষ্টা করছি। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও সাধারণ মানুষের কথা চিন্তা করে যতোক্ষণ পর্যন্ত সম্ভব, সরকার মূল্য বৃদ্ধি না করার পক্ষেই কাজ করছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিগত কয়েক দিন ধরে জ্বালানি তেল পাওয়া নিয়ে বিভিন্ন মহলে একধরনের উদ্বেগ তৈরি হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী আজ সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ফিলিং স্টেশনে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


