মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে ফিলিপাইন এখন চরম বিপর্যয়ের মুখে। তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ম্যানিলায় শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। পরিবহন ইউনিয়নগুলোর ডাকা দেশব্যাপী দুই দিনের ধর্মঘটের অংশ হিসেবেই শুক্রবার এ কর্মসূচি পালিত হয়।

যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ডিজেল ও পেট্রলের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা শহরজুড়ে মিছিল করে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাওয়ার পরিকল্পনা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও ব্যারিকেড স্থাপন করেছে।
জ্বালানি সংকটের কারণে চলতি সপ্তাহের শুরুতেই ফিলিপাইন সরকার রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সতর্ক করে বলেছেন, দেশের জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা এখন বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো জানান, বর্তমানে দেশে মাত্র ৪০ থেকে ৪৫ দিনের পেট্রোলিয়াম মজুত রয়েছে। তেলের উচ্চমূল্য দেশের অর্থনীতিতে ধারাবাহিক নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।
এই সংকট মোকাবিলায় সরকার জ্বালানি সাশ্রয়ের কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরিবহন খাতে ভর্তুকি ও অন্যান্য সহায়তা দিচ্ছে। একই সঙ্গে মজুতদারি, অতিরিক্ত মুনাফা এবং কৃত্রিম সংকট তৈরির মতো অনিয়ম ঠেকাতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সংকট কাটাতে আন্তর্জাতিক সহযোগিতা এবং নিজস্ব সম্পদের ব্যবহারের ওপরও গুরুত্ব দিচ্ছে দেশটি।
(সূত্র: সিএনএন)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


