ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের একদিন পর শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক দম্পতি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলীনগর গ্রাম থেকে ফেরার পথে তারা নিখোঁজ হন।
নিখোঁজ দম্পতি হলেন- সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলিচাপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে ফারুক মিয়া (২৬) ও তার স্ত্রী মারিয়া আক্তার (২০)। নিখোজ ফারুকের বাবা ইব্রাহিম মিয়া বলেন, তিনি চার ছেলে ও চার মেয়ের জনক। তার তৃতীয় ছেলে ফারুক মিয়া রাজমিস্ত্রীর কাজ করেন।
বছরখানেক আগে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলীনগর গ্রামের আবুল কালামের মেয়ে মারিয়ার সঙ্গে তিনি ফারুকের বিয়ে দেন।

পরে বৃহস্পতিবার সকালে ফারুক ও মারিয়াকে বাড়িতে ফিরে আসতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় শ্বশুর আবুল কালাম তুলে দেন। কিন্তু সকাল থেকে রাত হলেও তারা ফারুকের বাড়িতে পৌঁছাননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি। দুই পরিবারই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।
এ ঘটনায় নিখোঁজ ফারুকের বাবা ইব্রাহিম মিয়া ও মারিয়ার বাবা আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত হাসান বলেন, বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। নিখোঁজ স্বামী-স্ত্রীর কেউই মোবাইল ফোন ব্যবহার করেন না। ফোন করলে তদন্তের ক্ষেত্রে সুবিধা হতো। আমরা তাদের সন্ধান পেতে তদন্ত চালিয়ে যাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



