জামালপুরের ইসলামপুর উপজেলায় গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়া ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১১ এপ্রিল) দুপুরে পৌরসভার দরিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও ৯৯৯ সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, এক বৃদ্ধ গাছে ওঠার পর হঠাৎ মাথা ঘুরে গাছের ডালে আটকে পড়েছেন এবং যেকোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারেন।
খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত ইসলামপুর ফায়ার সার্ভিসকে জানায়। এরপর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে গাছের ওপর আটকে থাকা বৃদ্ধকে নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উদ্ধার অভিযানে থাকা ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, বৃদ্ধটি গাছের মগডালে এমনভাবে আটকে ছিলেন যে নিজে থেকে নামা তার পক্ষে সম্ভব ছিল না। দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


