স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল জামায়াত-এনসিপির সংসদ সদস্যরা অসাংবিধানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোটের রায় কার্যকর করতে হলে সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন।
সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। বর্তমানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। জুলাই জাতীয় সনদে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে, তা বাস্তবায়ন করতে হলে প্রথমে সংবিধানে সংশোধন আনতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংস্কার পরিষদের সভা নয়। তাই আমরা এখন সাংবিধানিক কাঠামোর মধ্যেই সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি।
মন্ত্রী জানান, জুলাই জাতীয় সনদের অধীনে প্রস্তাবিত পরিষদের সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে প্রশ্ন তোলা হয়েছে এবং এ বিষয়ে আদালত রুল জারি করেছে। বিষয়টি বর্তমানে বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী এ ধরনের কোনো পরিষদের অস্তিত্ব নেই। গণভোটের ফলাফলের ভিত্তিতে যদি এমন পরিষদ গঠন করতে হয়, তাহলে প্রথমে সংসদে আলোচনা করে সংবিধান সংশোধন করতে হবে। সংশোধনী পাস হয়ে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পরই প্রয়োজন অনুযায়ী পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এখনো নিজ নিজ দলের প্রাথমিক সদস্যপদ ধরে রেখেছেন এবং দল ত্যাগ করেননি। ফলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখানে প্রযোজ্য নয়। এই অনুচ্ছেদ তখনই কার্যকর হবে, যখন কোনো সদস্য দল থেকে পদত্যাগ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


