৫ জুন সান মারিনোতে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের জন্য বাফুফে খেলোয়াড়-কোচিং স্টাফ ও কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়া শুরু করেছে। আজ (বুধবার) ভিসার জন্য আবেদন করেছেন অনেক ফুটবলার। তাদের মধ্যে আছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

বাংলাদেশ ফুটবল দলে কিছুদিন আগেও সবচেয়ে বড় আস্থার নাম ছিল গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ২০২৩ সালে বেঙ্গালুরু সাফে তিনি টুর্নামেন্টসেরা গোলরক্ষকও হয়েছিলেন। এরপর শৃঙ্খলা বহির্ভূত কাণ্ড ও প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তার প্রতি মুখ ফিরিয়ে নেওয়ায় জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন এই ফুটবলার।
চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে ভালোই খেলছিলেন জিকো। এরপরও ক্যাবরেরার নজরে পড়েননি। ক্যাবরেরার বিদায়ের পর জিকোর সুসময় সহজে আসেনি। ক্যাবরেরার সহকারী কোচ হাসান আল মামুন প্রথমে জিকোকে তালিকায় রাখেননি। সান মারিনোর পাশাপাশি আরেকটি দল মালদ্বীপে চারজাতি টুর্নামেন্ট খেলবে। সেই দলে রাখা হয়েছিল জিকোকে। ওই দলে আবার জিকো খেলতে চাননি। এমন টানাপোড়েনে পরবর্তীতে অবশ্য জিকোকে অন্তত সান মারিনো দলে ভিসা করিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোমের যথাক্রমে ডেনমার্ক, ইংল্যান্ড ও কানাডার পাসপোর্ট থাকায় তাদের ইউরোপ ভ্রমণে আলাদা ভিসার প্রয়োজন নেই। আজ তপু বর্মণ, রাকিব, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা সিনিয়র ও জুনিয়র, ফাহিম, মিতুল মারমা, শেখ মোরসালিন, রহমতসহ আরও অনেকে ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) দিয়েছেন। ঘরোয়া লিগে দুর্দান্ত খেলা মোহামেডানের সৌরভ দেওয়ান সিনিয়র জাতীয় দলের তালিকায় নেই। সান মারিনোতে ম্যানেজার হিসেবে থাকছেন আমের খান, গোলরক্ষক কোচ বসুন্ধরা কিংসের নুরুজ্জামান নয়ন। তারাও আজ ভিসার আবেদন প্রক্রিয়ায় ছিলেন।
মালদ্বীপে চারজাতি টুর্নামেন্টে ঢাকা আবাহনীর কোচ মারুফুল হক প্রধান কোচ থাকবেন। মারুফুল হক, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, ক্যাবরেরার সহকারী কোচ হাসান আল মামুন মিলেই মূলত দু’টি দল ঠিক করেছেন। কোন খেলোয়াড় কোন দলে সেই তালিকা এখনও প্রকাশ করেনি ফেডারেশন।
স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাফুফে। হামজাদের জন্য নতুন কোচের নিয়োগ প্রক্রিয়া চলমান। সান মারিনো ইতালির মধ্যেই একটি দেশ। তাই বাংলাদেশ ফুটবল কন্টিনজেন্টকে ইতালির ট্রানজিট ভিসা নিতে হচ্ছে। ইউরোপের ভিসা বাংলাদেশের জন্য কিছুটা সময়সাপেক্ষ। তাই বাফুফে স্থানীয় কোচদের মাধ্যমে একটি তালিকা করেছে ফুটবলারদের ভিসার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


