স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ কাজে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

নির্বাচন

Advertisement

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক এবং নির্বাচন ঘিরে বড় ধরনের কোনো সমস্যা হবে না। বর্তমানে যেসব সহিংসতার ঘটনা ঘটছে, তার বেশির ভাগই রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দল থেকে সৃষ্টি হচ্ছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো কর্মসূচিতে একজনকে আমন্ত্রণ জানালে অনেক সময় একাধিক ব্যক্তি উপস্থিত হন। সিদ্ধান্ত বা নেতৃত্ব নিয়ে মতভেদ দেখা দিলে তখন নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়াচ্ছেন। এসব পরিস্থিতি এড়াতে জনসচেতনতার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্প্রতি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় এক বিজিবি কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত একাধিক ব্যক্তিকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।

চট্টগ্রামে কয়েকজন প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কিছু আসনে বিচ্ছিন্নভাবে ছোটখাটো লঙ্ঘনের ঘটনা ঘটছে। তবে এসব বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে এবং প্রতিদিনই সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাচনের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে ইন্টারনেট বন্ধের কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট সংযোগ চালু থাকবে। গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। কেউ ইন্টারনেট বন্ধের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে প্রশ্ন করতে বা প্রতিবেদন প্রকাশ করতে পারতেন না। বর্তমানে সরকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে একই সঙ্গে তিনি সাংবাদিকদের সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

নারী ভোটারদের নিরাপত্তা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আশ্বস্ত করে বলেন, সংবাদ সম্মেলনে যেভাবে সবাই নিরাপদ রয়েছেন, ভোটকেন্দ্রেও নারীরা ঠিক সেভাবেই নিরাপদে ভোট দিতে পারবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার নাজির আহমদ খানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা এবং সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.