সরকারের প্রশাসনিক কাঠামোর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগের বিষয়টি জানানো হয়। পদোন্নতি, বদলি ও চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়োগ ও পদোন্নতি
প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া এনডিসির এসডিএস (অতিরিক্ত সচিব) ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে রয়েছে- রায়হান কাওছার: অতিরিক্ত সচিব (ভূমি মন্ত্রণালয়) থেকে সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। জাকারিয়া: চেয়ারম্যান (নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ) থেকে সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কাজী আনোয়ার হোসেন: অতিরিক্ত সচিব (স্থানীয় সরকার বিভাগ) থেকে সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ফাহমিদা আখতার: অতিরিক্ত সচিব (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়) থেকে সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। দেলোয়ার হোসেন: অতিরিক্ত সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) থেকে সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
চুক্তিভিত্তিক ও বদলি নিয়োগ
সাবেক সরকারি কর্মকর্তা এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি বর্তমান কয়েকজন সচিবকেও নতুন দপ্তরে স্থলাভিষিক্ত করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পাঠানো হয়েছে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, প্রশাসনের চারজন সচিবকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


