তারেক বিন ওমর : রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আজ সকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্টির বর্তমান সাংগঠনিক সংকট নিরসন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য সচিব জনাব বাহাদুর ইসলাম ইমতিয়াজ তার বক্তব্যে দলের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হলে বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। যোগ্য নেতৃত্ব ও কর্মীদের মূল্যায়নের মাধ্যমেই আগামী দিনে জাতীয় পার্টি দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।” ঢাকা জেলার সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সভায় বক্তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাতীয় পার্টির অবস্থান তুলে ধরেন। দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় তৃণমূলের নেতারা দলের আগামী দিনের পথচলা নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


