রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ধারাবাহিক যৌন সহিংসতার অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচজন ভুক্তভোগীর পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে একটি অ্যাকাউন্ট খুলে নারী সেজে কথা বলত। কৌশলে এক ভুক্তভোগীর মোবাইল নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পর সেই ফোনের মাধ্যমে তার বন্ধু তালিকায় থাকা স্কুল ও কলেজপড়ুয়া মেয়েদের লক্ষ্যবস্তু বানাত।
এরপর বিশ্বাস স্থাপন করে উপহার দেওয়ার কথা বলে তাদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিত। সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক নির্যাতন চালাত এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করত। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় ও পুনরায় নির্যাতনের চেষ্টা করত। একই সঙ্গে ভুক্তভোগীদের কাছে থাকা টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
একাধিক ঘটনায় দেখা গেছে, ভিন্ন ভিন্ন কৌশলে ভুক্তভোগীদের ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে এবং ব্যক্তিগত সামগ্রী লুট করা হয়েছে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


