শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মিজানুর রহমান গহর (৬৫)। তিনি শার্শা উপজেলার একঝলা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে র্যাবের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলানপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে মিজানুর রহমান তার পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নারী শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে ছিলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেপ্তারের পর আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



