রাজধানীর জিগাতলা এলাকায় ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা শনাক্ত হওয়ায় দুটি নির্মাণাধীন ভবনের মালিককে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার জিগাতলা এবং যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী খাল এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ডিএসসিসি জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গঠিত টাস্কফোর্সের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জিগাতলা এলাকার বিভিন্ন আবাসিক ভবন, হোটেল, রেস্তোরাঁ, ছাদ, বেইজমেন্ট এবং নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করা হয়।
পরিদর্শনের একপর্যায়ে দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে দণ্ডবিধির ২৭০ ধারায় ভবন মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবন দুটির প্রবেশমুখে সতর্কতামূলক লিফলেট সাঁটিয়ে দেওয়া হয়।
অভিযানের সময় বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় ডেঙ্গুর লার্ভা জন্মানোর উপযোগী পরিবেশ ও ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাসিন্দাদের সতর্ক করা হয়। একই সঙ্গে জনসাধারণ ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শাস্তি প্রদান নয়, বরং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই ধরনের অভিযানের মূল লক্ষ্য। তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও জানান, রাজধানীজুড়ে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
পরে প্রতিমন্ত্রী দক্ষিণ কুতুবখালী খাল এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



