ঝিনাইদহের সদর উপজেলার কোলা গ্রামে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক অনন্য ঘটনা ঘটেছে। রাজ্জাক মন্ডল (৪২) নামের এক ব্যক্তি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন। তিনি দাবি করেছেন, এতে তিনি মানসিকভাবে দায়মুক্ত হয়েছেন।

স্থানীয়রা জানান, রাজ্জাক মন্ডল ইজিবাইক চালক। চার বছর আগে প্রেমের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করেছিলেন। বিয়ের পর তিনি স্ত্রীকে সোনার গহনা, নগদ অর্থ এবং গবাদিপশু উপহার দিয়েছিলেন। কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী সংসার চালানোর জন্য নতুন কিছু শর্ত দিয়েছেন।
রাজ্জাক মন্ডল শর্তগুলো মেনে নিতে না পারায় দম্পতির মধ্যে মনোমালিন্য শুরু হয়। বিচ্ছেদের পর উপহারের গহনা ও নগদ অর্থও স্ত্রী নিয়ে যান। মনের কষ্ট থেকে রাজ্জাক মন্ডল সিদ্ধান্ত নেন এক মণ দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপমুক্ত করা।
প্রথম স্ত্রী সালেহা পারভিন জানান, “আমাদের তিনটি সন্তান রয়েছে। তারপরও রাজ্জাক চার বছর আগে দ্বিতীয় বিয়ে করেছেন। সবকিছু দেওয়ার পরও দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন।”
প্রতিবেশী গনজের মিয়া বলেন, “দুই পক্ষের পারিবারিক সিদ্ধান্তে তালাক হয়েছে। তবে দুধ দিয়ে গোসল করে ক্ষোভ প্রকাশের ঘটনা এলাকায় অনন্য।”
রাজ্জাক মন্ডল বলেন, “আমি সংসার টিকিয়ে রাখতে সবকিছু দিয়েছি। শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছি। আমার স্ত্রী আমাকে ছেড়ে সমস্ত সম্পদ নিয়ে চলে গেছেন। আজ আমি নিঃস্ব, তাই দুধ দিয়ে গোসল করে মানসিকভাবে শান্তি পেলাম।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


