জুমবাংলা ডেস্ক : রাজধানীতে ২৮ অক্টোবর (শনিবার) বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ নিয়ে উৎকণ্ঠায় আছেন চাকরিপ্রার্থীরা। ইতোমধ্যে ওই দিন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া কাল শুক্রবারের চাকরির পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

Advertisement

চাকরিদাতা প্রতিষ্ঠানের কেউ আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মসূচির কারণেই চাকরির পরীক্ষাগুলো স্থগিত করার কথা বলেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে রাজনৈতিক কারণকেই পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে দেখিয়েছেন।

আগামী শনিবার অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের মৌখিক পরীক্ষা এবং ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার আওতাধীন আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া শুক্রবার অনুষ্ঠেয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে শুক্রবার জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৭৩। ঢাকার দুই সিটি করপোরেশনের ২৭ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা স্থগিতের কারণ কী, তা জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীদের অনুরোধে মানবিক বিবেচনায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া তারা পরীক্ষা দিতে এসে কোনো ঝামেলায় পড়ুক, তা চান না। তাই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ডাক বিভাগের ৮টি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ডাক বিভাগের অধীন পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেলের শনিবার অনুষ্ঠেয় আটটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫ থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হলো। বাছাই/নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষা পরবর্তী সময়ে আয়োজনের বিষয়ে যথাসময়ে প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে।

নাম প্রকাশ না করার শর্তে পোস্টমাস্টার জেনারেলের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার বলেন, ‘প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনেক প্রার্থী ই-মেইলে ও ফোনে আমাদের কাছে অনুরোধ করেছিলেন পরীক্ষা পেছানোর জন্য। সব প্রার্থী যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এ জন্য আমরা পরীক্ষা স্থগিত করেছি। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’

বিনার চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর তারিখে নির্ধারিত ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হলো। বিজ্ঞপ্তি অনুসারে, কম্পিউটার অপারেটর পদে একজন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজন, পিএ একজন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (জেনারেল) ১ হাজার ৬৯টি শূন্যপদে নিয়োগের জন্য আগের নির্ধারিত মৌখিক পরীক্ষা ছিল ২৮ অক্টোবর। সেটি স্থগিত করে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক মো. সাঈদুর রহমান খান বলেন, ‘জনতা ব্যাংকের শুক্রবারের পরীক্ষাটি স্থগিত করা হয়নি। তবে শনিবারের সমন্বিত আট ব্যাংকের পরীক্ষাটির তারিখ পরিবর্তন করা হয়েছে। ওই দিনে যাদের পরীক্ষা ছিল, তা স্থগিত করে নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.