বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরে আসতে পারেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি মানুষ তাদের গ্রহণ করে এবং স্বাগত জানায়, তবে যে কেউ রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার রাখে।”

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। তার সন্তানরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে মামলার বিচার চলছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর জামায়াতে ইসলামী বা অন্যান্য রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা অস্বীকার করেছেন। তিনি বলেন, “যদি আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে?”
তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। ২৯২টি আসনে বিএনপি নিজস্ব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, বাকি আসনগুলোতে জোটশরিকরা লড়াই করছে। তবে তিনি নির্বাচনে জয়ী আসনের সংখ্যা স্পষ্ট করেননি, শুধু বলেন, “সরকার গঠনের জন্য আমাদের পর্যাপ্ত আসন থাকবে।”
এক প্রশ্নের জবাবে, নির্বাচনের পর ভারতের দিকে ঝুঁকবেন কি না, তারেক রহমান বলেন, “বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে যে অংশীদার প্রয়োজন, আমরা তার সঙ্গে কাজ করব। আমাদের লক্ষ্য তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং নাগরিকদের জন্য মানসম্মত জীবন নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করেই আমরা আমাদের বন্ধু নির্বাচন করব; নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


