জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে উন্নয়ন প্রকল্পগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারের প্রথম একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকের আলোচ্যসূচিতে মোট ১৯টি প্রকল্প ছিল, যার অধিকাংশই আগের সরকারের সময়ে নেওয়া। এসব প্রকল্প পর্যালোচনা করতে গিয়ে নানা ধরনের সমস্যা ও অসঙ্গতি ধরা পড়েছে। অনেক প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তিনি আরও জানান, বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন হওয়ায় সব প্রকল্প নিয়ে একসঙ্গে আলোচনা করা সম্ভব হয়নি। ১৯টির মধ্যে মাত্র ৭টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কয়েকটি অনুমোদন দেওয়া হয়েছে, আর কিছু প্রকল্প আরও যাচাইয়ের জন্য রাখা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে সম্পন্ন হওয়া প্রকল্পগুলোরও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যা সব প্রকল্প মূল্যায়ন করবে। বিশ্লেষণ শেষে অনেক প্রকল্প বাতিল হয়ে যেতে পারে।
তিনি জানান, পুরোনো প্রকল্পগুলোর ত্রুটি-বিচ্যুতি দূর করার পর নতুন প্রকল্প নেওয়া হবে। সরকারের লক্ষ্য হচ্ছে নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।
এছাড়া নতুন কোনো প্রকল্প অনুমোদনের আগে সেটি নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


