রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই শুটার বলে জানিয়েছে র্যাব।

শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১ এর পাইকপাড়ায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সদর কোম্পানি) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির।
তিনি বলেন, ‘কিবরিয়া হত্যার পরিকল্পনাকারী পাটা সোহেল ও গোখরা সুজনকে আগেই গ্রেফতার করা হয়। শুটার ৩ জনের মধ্যে জনিকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছিল। আজ অভিযানে গ্রেফতার হন শুটার রোকন ও কাল্লু ওরফে জাহাঙ্গীর।’
রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে এই তথ্য জানা গেছে। তবে তদন্তের স্বার্থে বেশ কিছু তথ্য গোপন রাখা হচ্ছে। পরবর্তী তদন্ত ডিএমপির গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া আসামিদের সঙ্গে পলাতক শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির যোগসাজশ রয়েছে।’
কিবরিয়া হত্যাকাণ্ডে কার ভূমিকা কী ছিল, এ বিষয়ে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার বলেন, ‘আসামিদের রেসকিউ করার দায়িত্বে ছিল ভাগিনা মাসুম। সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে ছিল পাটা সোহেল। নিহত কিবরিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করেছিল সুজন। তিন শুটার দোকানে ঢুকে কিবরিয়ার শরীরে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।’
গত বছরের ১৭ নভেম্বর হেলমেট ও মুখোশ পরা তিন অস্ত্রধারী সন্ত্রাসী মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে গুলি করে হত্যা করে।
দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে এবং দ্রুত না চালানোয় চালক আরিফ হোসেনের (১৮) কোমরে গুলি করে। ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা জনি ভূঁইয়া (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা বাদী হয়ে মঙ্গলবার পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে জনিসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। অপর আসামিরা হলেন, সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পল্লবী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


