আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে বড় পরিবর্তন এনেছে ইরান জাতীয় ফুটবল দল। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে ক্যাম্প করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বদলে মেক্সিকোকে বেছে নেওয়া হয়েছে।

শনিবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফিফার অনুমোদন নিয়ে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে ক্যাম্প স্থানান্তরের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে দলগুলো যখন নিজেদের বেস ক্যাম্প নির্ধারণ করছে, তখন ইরানের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতিকে বিবেচনায় নিয়েই এই পরিবর্তন এসেছে বলে ধারণা করা হচ্ছে।
ফেডারেশন সভাপতি মেহেদি তাজ বলেন, বিশ্বকাপের বেস ক্যাম্প ফিফার অনুমোদনের মাধ্যমে নির্ধারিত হয়। ইস্তাম্বুলে বৈঠক এবং তেহরান থেকে ফিফার সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর মেক্সিকোতে ক্যাম্প স্থাপনের আবেদন অনুমোদন পেয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ইরান জাতীয় দল মেক্সিকোর তিজুয়ানা শহরে তাদের ক্যাম্প গড়ে তুলবে। ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছাকাছি হওয়ায় যাতায়াত সহজ হবে এবং সেখানে আধুনিক জিমনেসিয়াম, রেস্তোরাঁসহ প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে।
এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভিসা-সংক্রান্ত জটিলতা এড়ানোও সম্ভব হবে। প্রয়োজনে সীমান্ত ব্যবহার করে যাতায়াতের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
এবারের বিশ্বকাপে ইরান গ্রুপ জি-তে খেলবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।
টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান। আগের আসরগুলোতে গ্রুপ পর্ব পেরোতে না পারলেও এবার নতুন প্রস্তুতিতে সেই লক্ষ্য পূরণের আশায় রয়েছে দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



