২০২৬ ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনের স্বপ্ন অধরাই থেকে গেল সোমালিয়ার রেফারি ওমর আরতানের। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপের রেফারিং প্যানেল থেকে বাদ পড়লেও দেশে ফেরার পর তিনি পান বীরোচিত সংবর্ধনা।

৩৪ বছর বয়সী ওমর আরতান ছিলেন ২০২৬ বিশ্বকাপের জন্য নির্বাচিত ৫২ জন রেফারির একজন। প্রথম সোমালিয়ান হিসেবে বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ পরিচালনার সুযোগ পাওয়ার কথা ছিল তার। তবে ফ্লোরিডায় রেফারিদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তিনি যুক্তরাষ্ট্রের সীমান্ত ও অভিবাসন কর্তৃপক্ষের নজরদারিতে পড়েন।
পরবর্তীতে মার্কিন কর্তৃপক্ষের অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের সময় তার বিরুদ্ধে সন্দেহভাজন কিছু যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করা হয়, যার মধ্যে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত রয়েছে বলে জানানো হয়। তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন আরতান।
প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করে তুরস্ক হয়ে নিজ দেশ সোমালিয়ায় ফেরত পাঠানো হয়।
দেশে ফেরার পর বুধবার রাজধানী মোগাদিসুতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, সহকর্মী রেফারি এবং সাধারণ মানুষ। সবাই তাকে স্বাগত জানানোর পাশাপাশি সম্মান প্রদর্শন করেন।
পরে তিনি সোমালিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



