মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি করা সম্ভব। তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো কারণ দেখছে না তার দেশ।

রোববার (১৫ মার্চ) সম্প্রচারিত মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান আলোচনায় আগ্রহী নয়। তার ভাষায়, “আমরা যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী অবস্থানে আছি। আমরা শুধু আমাদের জনগণকে রক্ষা করছি।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন আলোচনা করা উচিত, তা তারা বুঝতে পারছেন না। কারণ অতীতে যখন দুই দেশের মধ্যে আলোচনা চলছিল, তখনই যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল।
আরাগচি বলেন, আমেরিকানদের সঙ্গে কথা বলে ইরানের কোনো ভালো অভিজ্ঞতা নেই।
এর আগে শনিবার (১৪ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের ইতি টানতে একটি চুক্তি করতে চায়। তবে বর্তমান শর্তে তিনি সেই চুক্তিতে রাজি নন বলেও জানান। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
আরাগচি বলেন, যুদ্ধবিরতি কিংবা আলোচনার জন্য ইরান কখনোই অনুরোধ করেনি।
তবে তিনি জানান, গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানির পথ হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট কিছু তেলবাহী জাহাজ চলাচলের বিষয়ে আগ্রহী দেশগুলোর সঙ্গে ইরান আলোচনা করতে প্রস্তুত।
তিনি বলেন, তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলতে পারছেন না। তবে বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে তাদের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে।
সূত্র: এএফপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


