কারাগারে বন্দি থাকলেও বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্দেজ–এর প্রতি নিজের আবেগ প্রকাশে বিরতি দিচ্ছেন না আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর। ভালোবাসা দিবস উপলক্ষে তিনি দাবি করেছেন, জ্যাকলিনের জন্য একটি বিলাসবহুল ‘এয়ারবাস এইচ সিরিজ’ হেলিকপ্টার উপহার দিয়েছেন। একই সঙ্গে চলমান আইনি ঝামেলায় অভিনেত্রীর নাম জড়ানোয় অনুশোচনাও প্রকাশ করেছেন তিনি।

১৪ ফেব্রুয়ারি লেখা এক চিঠিতে সুকেশ জ্যাকলিনকে আদর করে ‘বেবি বোম্মা’ বলে সম্বোধন করেন। সংবাদমাধ্যম India Today–এর তথ্য অনুযায়ী, চিঠিতে তিনি লেখেন—কারাগারের লোহার শিক আর ঠান্ডা দেয়াল তাদের আলাদা করে রেখেছে। প্রতিটি মুহূর্তে তিনি জ্যাকলিনকে ভীষণভাবে মিস করছেন এবং হৃদয়ের প্রতিটি স্পন্দন তাদের দূরত্বের কথা মনে করিয়ে দেয়।
নিজেদের সম্পর্ককে রোমিও-জুলিয়েট, হির-রাঞ্জা কিংবা লায়লা-মজনুর মতো ঐতিহাসিক প্রেমকাহিনির সঙ্গে তুলনা করে সুকেশ দাবি করেন, কোনো শক্তিই তাদের সম্পর্ক ভাঙতে পারবে না। তিনি আরও জানান, জ্যাকলিনের জন্য যে হেলিকপ্টারটি উপহার হিসেবে রেখেছেন, সেটির ভেতর ও বাইরের অংশ বিশেষভাবে নকশা করা হয়েছে। এমনকি সেখানে ‘JF’ আদ্যক্ষরও সংযুক্ত রয়েছে। মুম্বাইয়ের যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের সুবিধার কথা ভেবেই এই আয়োজন বলে তার দাবি।
চিঠিতে সুকেশ আরও বলেন, হেলিকপ্টারটি তার বৈধ আয়ে কেনা, এতে কোনো অবৈধ অর্থ ব্যবহার হয়নি। ২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় জ্যাকলিনের নাম জড়িয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে লেখেন—তার কারণে অভিনেত্রীকে যে মানসিক চাপ ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, সে জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। খুব শিগগিরই সব জটিলতার অবসান ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমানে একাধিক জালিয়াতির মামলায় দিল্লির মাণ্ডোলি জেল–এ বন্দি আছেন সুকেশ চন্দ্রশেখর। সেখান থেকেই বিশেষ দিনগুলোতে তিনি জ্যাকলিনকে উদ্দেশ্য করে চিঠি পাঠান। তবে তার এসব দাবি কিংবা উপহার প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি জ্যাকলিন ফার্নান্দেজ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


