জাতীয় সংসদে বিরোধী দলের বারবার ওয়াকআউট বা অধিবেশন বর্জন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। একই সঙ্গে তিনি সরকারি দলকেও বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোঁজার পরামর্শ দেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউজে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের সাংবিধানিক অধিকার হলেও, এটি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে সংসদের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, যারা অতীতে স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছেন, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। না হলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং সুযোগসন্ধানীরা এর সুযোগ নিতে পারে।
তার মতে, গণতন্ত্রে মতপার্থক্য স্বাভাবিক বিষয়, তবে অযৌক্তিক কারণে সংসদ বর্জন করা উচিত নয়। বরং আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও কার্যকর করা দরকার। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে এবং জনগণের অধিকারও সুরক্ষিত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


