কাতারে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। রবিবার ভোরে কাতার জানায়, নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এতে ছয়জন নিহত হয়। একজন নিখোঁজ রয়েছে। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি নিহতদের নাম প্রকাশ করে।

নিহতদের মধ্যে তিনজন তুরস্কের নাগরিক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে বলেছে, নিহতদের মধ্যে একজন তুর্কি সেনাসদস্য। আর দুজন তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসেলসানের নিরাপত্তা কর্মী। দুর্ঘটনায় নিহত বাকি চারজন কাতার সশস্ত্র বাহিনীর সদস্য।
তুরস্ক জানিয়েছে, কাতার এ দুর্ঘটনা তদন্ত করে দেখছে। এর মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা একটি বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘সাতজন আরোহীর মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’
পরবর্তীতে এক বিবৃতিতে কাতার নিশ্চিত করে, নিহতদের মধ্যে দুজন তুর্কি বেসামরিক নাগরিক এবং একজন তুর্কি সেনাসদস্য ছিলেন।
প্রযুক্তিগত ত্রুটির বাইরে হেলিকপ্টার দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। শত্রুতামূলক কোনো হামলার ফলে দুর্ঘটনা ঘটেছে—এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


