আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা উপজেলায় নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি জোর দেওয়া হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকা ছাড়াও পুরো নির্বাচনী অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালনের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে গত ৩০ জানুয়ারি পানছড়ি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়। এসব ক্যাম্পে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীঘিনালার দুর্গম পাহাড়ি অঞ্চল নাড়াইছড়িতে অবস্থিত একটি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রেও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা যানবাহন, পায়ে হাঁটা ও নদীপথ ব্যবহার করে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন। পাশাপাশি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জনসংযোগ, জনসচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকি মূল্যায়ন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উপকূলীয় ছয়টি উপজেলা বাদ দিয়ে সারা দেশের ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।
বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ভোটারদের ভোটাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


