কিশোরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সোয়া ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামগামী মিনহাজ এন্টারপ্রাইজের একটি বাস নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অছিম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


